tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদটপ নিউজচিকিৎসাসেবায় আরও আন্তরিক হতে চিকিৎসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চিকিৎসাসেবায় আরও আন্তরিক হতে চিকিৎসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রান্তিক মানুষের জন্য উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসা প্রদানে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে স্বাস্থ্য খাতের কার্যক্রম নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। তারা স্বাস্থ্য খাতের বিভিন্ন অর্জন তুলে ধরার পাশাপাশি জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংকটের মুখে পড়েছিল। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়টিও উঠে আসে। উপজেলা পর্যায়ে চিকিৎসক কর্মরত থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্রামের মানুষ যাতে সহজেই সরকারি হাসপাতাল থেকে মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কেউ যেন অযথা ভোগান্তির শিকার না হন এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে বাধ্য না হন—সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে।

কিডনি রোগীদের চিকিৎসা প্রসঙ্গেও বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে যেসব ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার চলমান উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অবকাঠামো সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ভবনের নকশাসহ বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারাও এতে অংশ নেন।