বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ধীরগতির সমস্যায় পড়েননি—এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। ভিডিও স্ট্রিম করতে গিয়ে বারবার বাফারিং, গেম খেলার সময় ল্যাগ হওয়া, কিংবা ঘরের কোনাকাঞ্চিতে নেটওয়ার্ক একেবারেই না পাওয়া—এসবের জন্য আমরা প্রায়ই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দায়ী করি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা অনেক সময় আমাদের ঘরেরই কিছু জিনিসের কারণে হয়ে থাকে। আয়না, ধাতব আসবাব, কিংবা মাইক্রোওয়েভ—এগুলো রাউটারের সিগনাল বাধাগ্রস্ত করে, ফলে ইন্টারনেট ধীর হয়ে পড়ে।
ভালো খবর হলো, কিছু ছোট পরিবর্তনেই এই সমস্যার সমাধান সম্ভব। রাউটারকে নিচের ৮টি জিনিস থেকে দূরে রাখলে নেটওয়ার্কের গতি চোখে পড়ার মতো বেড়ে যেতে পারে।
ঘরের যে ৮টি জিনিস ওয়াই-ফাইয়ের গতি কমায়:
১. আয়না
আয়না রাউটারের সিগনাল প্রতিফলিত করে ফেলে, ফলে আশপাশে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে।
২. ধাতব আসবাব
লোহার আলমারি, টেবিল বা শোকেসের মতো জিনিস সিগনাল আটকে দেয়। রাউটার এগুলোর পাশে থাকলে সিগনালের পথ বাধাগ্রস্ত হয়।
৩. মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ ও রাউটার প্রায় একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তাই ওভেনের কাছাকাছি থাকলে রাউটারের সিগনালে বিঘ্ন ঘটে।
৪. ব্লুটুথ ডিভাইস
ব্লুটুথ হেডফোন, স্পিকার, বা স্মার্ট ডিভাইসের ফ্রিকোয়েন্সি ওয়াই-ফাইয়ের সঙ্গে মিলে যাওয়ায় সিগনাল দুর্বল হয়ে পড়ে।
৫. অ্যাকুয়ারিয়াম বা পানিভর্তি ট্যাংক
পানি রেডিও তরঙ্গ শোষণ করে। ফলে অ্যাকুয়ারিয়ামের পাশে রাউটার রাখলে সেখানে ‘ডেড জোন’ তৈরি হয়।
৬. ভারী আসবাবপত্র
বড় সোফা, খাট বা বুকশেলফ রাউটারের সিগনাল আটকে দেয়। ফলে অন্য কক্ষে ইন্টারনেট পৌঁছাতে সমস্যা হয়।
৭. মোটা দেয়াল
রাউটার যদি দেয়ালের আড়ালে বা ঘরের কোণায় থাকে, তাহলে সিগনাল দুর্বল হয়ে যায়।
৮. অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস
টেলিভিশন, ফ্রিজ, কর্ডলেস ফোনের মতো যন্ত্র ওয়াই-ফাই সিগনালের সঙ্গে সংঘর্ষ তৈরি করে, ফলে গতি কমে যায়।
সমাধান কী?
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রাউটারটি রাখুন ঘরের মাঝামাঝি উঁচু ও খোলা জায়গায়। আশপাশে যেন আয়না, ধাতব বস্তু বা ইলেকট্রনিক ডিভাইস না থাকে, তা নিশ্চিত করুন। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই পরিবর্তনগুলো করলেই আপনার বাসার ওয়াই-ফাইয়ের গতি অনেকটাই বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নিউইয়র্ক টাইমস



