দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত ১০ শতাংশ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি।
২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন হালেভি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি মার্চে পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এ জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে জানান, গাজার ২২ লাখ মানুষের মধ্যে ২ লাখেরও বেশি নিহত বা আহত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, হালেভির বক্তব্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের সঙ্গে মিলে যায়। যদিও ইসরায়েল বরাবরই এ সংখ্যাকে অস্বীকার করে আসছে। কিন্তু জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।
তাদের হিসাবে, এখন পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৭১৮ জন নিহত এবং ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক হাজার মানুষ আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। শুধু গতকাল শুক্রবারই ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের যোদ্ধা ও বেসামরিক হিসেবে আলাদা করে না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর ফাঁস হওয়া একটি তথ্য অনুযায়ী, নিহতদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক মানুষ।
সূত্র: দ্য গার্ডিয়ান



