ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শনিবার রাত থেকেই মহাসড়কে টহল জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে দুটি সশস্ত্র যান (এপিসি) ও একটি জলকামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মঞ্জি তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “ইউপি চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, সাধারণ জনগণের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। ভোর থেকে মহাসড়কে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য টহল দিচ্ছেন। যারা অবরোধ সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



