জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগির’ দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই আমাদের নেতা খুব শিগগির আমাদের মধ্যে আসবেন। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশা আল্লাহ। আমরা সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’
‘বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা-ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ বলেন তিনি। ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা হয়। গত রোববার থেকে এই কর্মশালা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, এখন লড়াই-সংগ্রাম হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই।
‘অনেক বাধা-বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।’



