বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো। তবে খাল খননের উদ্দেশ্য ছিল মহৎ। কিন্তু খালের ভেতর যে একটি কুমির ছিল, সেটা কেউ খেয়াল করেনি। সেই কুমির ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়েছে। তাই খাল কেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অদৃশ্য শত্রুকে মোকাবিলা করা কঠিন উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘কিছু অনুমান করা যায়; কিন্তু চোখে দেখা যায় না। চিহ্নিত শত্রুকে মোকাবিলা করা সহজ, কিন্তু অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করা অনেক কঠিন।’
পরে কর্মসূচির উদ্বোধন শেষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। হাতে নিড়ানি তুলে খালের ময়লা পরিষ্কার করেন এবং খালের পাশে একটি স্থানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি ও মহানগর দক্ষিণের নেতারা চলে যান।
পরে বালুর মাঠ ইউনিট বিএনপির সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে খাল পরিষ্কার কার্যক্রম চলতে থাকে। স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সিটি করপোরেশনের অন্তত ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী এতে অংশ নেন। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।



