বিএনপির প্রবীণ নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর খালেদা রাব্বানীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি। এ সময় তারেক রহমান খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কিছু সময় খালেদা রাব্বানীর সঙ্গে কাটান। পাশাপাশি তার চিকিৎসা ও সার্বিক শারীরিক পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎ প্রসঙ্গে মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের চর্চা। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও দলের নেতারা অসুস্থ ও প্রবীণ সহযোদ্ধাদের খোঁজখবর নেন, যা দলটির সাংগঠনিক সংস্কৃতিরই প্রতিফলন।
তিনি জানান, তারেক রহমানকে কাছে পেয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি সংরক্ষিত কিছু পুরোনো ছবিও দেখান।
মিফতাহ সিদ্দিকী আরও বলেন, আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা রাব্বানীকে সান্ত্বনা দেন এবং তার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন খালেদা রাব্বানী। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।



