বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান বা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ রোধ করা যায় না। ফ্যাসিবাদ প্রতিরোধে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের চর্চা রাষ্ট্র ও জনগণকে শক্তিশালী করে তোলে। জনগণ রাজনৈতিকভাবে দুর্বল হলে রাষ্ট্র ও সরকারও দুর্বল হয়ে পড়ে।
ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ নিরসনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর চব্বিশ হচ্ছে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্ট শাসকের পতনের পরও গণতান্ত্রিক শক্তিগুলো অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ইনসাফভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
কথার রাজনীতির পরিবর্তে কাজের রাজনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এভাবেই রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব।
বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি—দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।



