২৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৩ কোটি ৭৫ লাখ টাকা) বিরল এক গোলাপি হীরা চুরির মাত্র আট ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে দুবাই পুলিশ। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন পিংক ডায়মন্ড’ নামের বিশেষ অভিযানে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তারা এক বছরেরও বেশি সময় ধরে এই চুরির পরিকল্পনা করছিল।
হীরাটি আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের সনদপ্রাপ্ত। এর বিশুদ্ধতা ও মান এতটাই বিরল যে এর মতো হীরা পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।
তদন্তে জানা যায়, ইউরোপ থেকে হীরা নিয়ে আসা এক ব্যবসায়ীকে ধনী ক্রেতা সেজে ফাঁদে ফেলে অপরাধীচক্র। বিলাসবহুল গাড়ি ভাড়া, হোটেলে বৈঠক আয়োজন এবং হীরা বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে তারা ব্যবসায়ীর আস্থা অর্জন করে। পরে তাকে একটি ভিলায় নিয়ে গিয়ে হীরা প্রদর্শনের সময় মুহূর্তেই সেটি ছিনিয়ে নেয়।
চুরির খবর পেয়ে দুবাই পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিআইডি দ্রুত তিনজন এশীয় সন্দেহভাজনকে শনাক্ত করে। একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং ফ্রিজে লুকিয়ে রাখা হীরাটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হীরার ওজন ২১.২৫ ক্যারেট। ‘ফ্যান্সি ইনটেন্স’ শ্রেণিভুক্ত এই হীরার স্বচ্ছতা ও সিমেট্রি একে আরও বেশি দুর্লভ করে তুলেছে। হীরার মালিক দুবাই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, অভিযোগ জানানোর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরদিন সকালেই তাকে জানানো হয় যে হীরাটি উদ্ধার করা হয়েছে।



