tanaka
প্রচ্ছদরাজনীতিকিছু উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

কিছু উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, “তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। “পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে” এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ডা. তাহের বলেন, “উপদেষ্টাদের বক্তব্যের রেকর্ড আমাদের হাতে আছে। এখনো তাদের সংশোধনের সুযোগ দিতে চাই। সময়মতো সতর্ক না হলে আমরা জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে বাধ্য হবো।” তিনি আরও সতর্ক করে বলেন, “জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এর পরিণতি অতীতের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এমন দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার মাধ্যমে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। কিন্তু এমন প্রহসনের নির্বাচনে জনগণ অংশ নেবে না, গ্রহণও করবে না।”

নায়েবে আমীর আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি আমাদের ৫ দফা দাবি না মেনে চলে, তাহলে জামায়াতে ইসলামী আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”