পুরোনো হলিউডের গ্ল্যামার মানেই এক ধরনের রহস্য, আভিজাত্য আর নাটকীয়তা। সেই চেনা নান্দনিকতাকে আধুনিক ফ্যাশনের ভাষায় নতুন করে তুলে ধরা হয়েছে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণার এই লুকে। কালো লেসের গাউন, পরিপাটি চুল, উষ্ণ টোনের মেকআপ এবং মুক্তোর গয়নার সমন্বয়ে পুরো সাজে ফুটে উঠেছে ক্লাসিক সিনেমাটিক সৌন্দর্য। লুকটি একই সঙ্গে সাহসী, পরিশীলিত এবং যথেষ্ট গ্ল্যামারাস। এই লুকের সবচেয়ে নজরকাড়া অংশ নিঃসন্দেহে কালো গাউনটি। ফিগার-হাগিং সিলুয়েটের গাউনটি শরীরের গড়নকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পোশাকের পুরো অংশজুড়ে থাকা কালো লেসের কাজ তৈরি করেছে স্বচ্ছতা ও টেক্সচারের সূক্ষ্ম বৈপরীত্য। লেসের নকশার ভেতর দিয়ে ত্বকের স্বাভাবিক টোন দৃশ্যমান হওয়ায় পোশাকটি পেয়েছে আরও আকর্ষণীয় মাত্রা। গাউনের উপরের অংশে রয়েছে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং লেসের ডিটেইলিং। বুকের অংশের নকশা খুব বেশি ভারী না হলেও এর কাট ও টেক্সচার পুরো পোশাককে করেছে দৃষ্টিনন্দন। নিচের দিকে গাউনটি লম্বা ও সরু সিলুয়েটে নেমে গেছে, যা পুরো লুককে দিয়েছে পুরোনো দিনের হলিউড তারকাদের মতো এলিগ্যান্ট আবহ।পোশাকটি কালো হওয়ায় গয়নার ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল মুক্তার ব্যবহার। গলায় একাধিক সারির মুক্তার নেকলেস পুরো সাজে এনে দিয়েছে ক্লাসিক রাজকীয়তা। ঘাড়ের কাছাকাছি বসানো স্তরযুক্ত মুক্তোর মালাটি পোশাকের কালো রঙের সঙ্গে চমৎকার কনট্রাস্ট তৈরি করেছে।



