tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং অন্তত ১৭৯ জন আহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং তাদের বড় একটি অংশ নারী ও শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা।

স্পিন বোলদাক আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই দেশের সেনাবাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টার দিকে।

বিরতি শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের এই বিমান হামলা শুরু হয়। হামলা থেকে বেঁচে যাওয়া হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন,

“আমি জীবনে এমন অবিচার দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী, শিশু ও নিরীহ বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।”

বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনীও স্পিন বোলদাকের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করে। এতে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায় এবং আরও বহু মানুষ হতাহত হন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান এই সংঘাতের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে। বহু বছর আগে পাকিস্তান সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর টিটিপি আরও সক্রিয় হয়ে ওঠে।

পাকিস্তানের দাবি, টিটিপি আফগান তালেবান সরকারের আশ্রয় ও সহায়তা পাচ্ছে; যদিও কাবুল সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এর আগে ৯ অক্টোবর পাকিস্তানি বিমান হামলায় কাবুলে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হন। এর দুই দিন পর ১১ অক্টোবর থেকে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকায় তীব্র সংঘাত শুরু হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। চার দিনের সংঘর্ষ শেষে ১৫ অক্টোবর শুরু হওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে—আর ঠিক সেই সময়ই ঘটে কান্দাহারের এই প্রাণঘাতী বিমান হামলা।

সূত্র: তোলো নিউজ