চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করা এবং নির্ধারিত আবাসনের বর্তমান অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
গত মাসে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সেখানে আবাসনসংক্রান্ত পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এ অবস্থায় চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী নাগরিকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে যথাযথভাবে জেনে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে হোটেলে কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে নির্ধারিত হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় পৌঁছানোর আগেই নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে মাসাধিক সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন।



