কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহর রওনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি লরিতে করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা জ্বালানির প্রথম চালানটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো পরিবহনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তা রূপপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এসব চালানের মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি রয়েছে।
জানা গেছে, রাশিয়া থেকে ইউরেনিয়ামের এসব চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে এসব জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।



