বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোর নিবন্ধন বা অ্যাক্রিডিটেশনের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাস। শর্তগুলো যথাযথভাবে অনুসরণের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাস এ শর্তগুলো নির্ধারণ করেছে।
সৌদি দূতাবাসের ৬ শর্ত
ওমরাহ পরিচালনার অনুমোদন পেতে এজেন্সিগুলোকে—
- বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স সংগ্রহ করতে হবে।
- লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে অফিসের সংশ্লিষ্ট ফাইল সম্পূর্ণ রাখতে হবে।
- সৌদি আরবে নিবন্ধিত ও লাইসেন্সধারী ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে।
- সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অনুমোদিত নির্ধারিত মানের চুক্তি সম্পাদন করতে হবে।
- নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- নিবন্ধন সম্পন্ন হওয়ার পরও সংশ্লিষ্ট নীতিমালা ও নির্দেশনা মেনে এজেন্সির কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।
অনলাইন চুক্তি সত্যায়ন
চুক্তি সত্যায়নের জন্য সৌদি দূতাবাস নির্ধারিত প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে সৌদি দূতাবাসের নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।



