বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।
তিনি বলেন, ৫ আগস্টের ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের’ মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছিল, তবে ‘দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র’ এখনও থেমে নেই।
২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসনবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। তার আত্মত্যাগ আন্দোলনকে গণবিক্ষোভে রূপ দেয় এবং সরকারের পতনের পথ সুগম করে।
ডা. মিলনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, তার রক্তঝরা মৃত্যু ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত করেছিল। মিলনের দৃঢ় অঙ্গীকার ছিল গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তার আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা যোগাবে।
তারেক রহমান আরও বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে ডা. মিলন গণতন্ত্রের বিজয় এনেছিলেন। এ পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।
বর্তমান প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছে। জনগণ তাদের মালিকানা হারিয়েছেন।



