গত বছর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলির ঘটনা ঘটে। তখনই দায় স্বীকার করেছিলেন গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই। এবার সেই ঘটনাকে মনে করিয়ে দিয়ে শুক্রবার ভোর ৩টার দিকে অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে স্থানীয় ধর্মগুরু প্রেমানন্দের প্রতি অসম্মান।
দিশা পাটানির পরিবারের বরেলির সিভিল লাইনস এলাকার ৪০ নম্বর ভিলাতে হামলা ঘটে। হামলাকারীরা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দায় স্বীকার করে লিখেছে, যে কেউ তাঁদের ধর্ম বা সাধুদের অপমান করবে, তার ফল ভোগ করতে হবে। পোস্টে আরও বলা হয়েছে, এটি শুধু একটি ‘ট্রেলার’, ভবিষ্যতে তাদের ধর্ম ও সমাজ রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যাওয়া হবে।
এদিকে দিশা এবং তার বোন খুশবু পাটানি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। খুশবু ইতোমধ্যেই আধ্যাত্মিক নেতা অনিরুদ্ধাচার্যের নারী ও লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। খুশবু প্রেমানন্দকে ‘দেশদ্রোহী’ ও ‘নারীবিদ্বেষী’ হিসেবে কটাক্ষ করেছেন।
জানা গেছে, খুশবু সাবেক সেনা কর্মকর্তা এবং সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। হামলার পর পুলিশ তাদের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



