tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনএক বছরে তিন ঈদ, দুই হজ: ২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ধর্মীয়...

এক বছরে তিন ঈদ, দুই হজ: ২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ধর্মীয় ঘটনা

জ্যোতির্বিজ্ঞানের এক ব্যতিক্রমী হিসাব অনুযায়ী ২০৩৯ সালে মুসলিম বিশ্ব এক অভূতপূর্ব ধর্মীয় অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। ওই বছর একই ইংরেজি ক্যালেন্ডারে মুসলমানরা তিনটি ঈদ উদযাপন এবং দুইবার হজ পালনের বিরল সুযোগ পাবেন।

সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ এই তথ্য নিশ্চিত করেছেন। হিজরি বা চন্দ্রবর্ষের সঙ্গে সৌরবর্ষভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়গত পার্থক্যের কারণেই এমন ব্যতিক্রমী ধর্মীয় ও মহাজাগতিক সমাপতন ঘটতে যাচ্ছে। খবর জানিয়েছে গালফ নিউজ।

ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে থাকে। এই ধারাবাহিক ব্যবধানের ফলেই ২০৩৯ সালের ৬ জানুয়ারি পালিত হবে ঈদুল আজহা এবং একই সঙ্গে প্রথম হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। দিনটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ।

এরপর হিজরি ক্যালেন্ডার তার স্বাভাবিক গতিতে আরও ১২ মাস অতিক্রম করে একই ইংরেজি বছরের ২৬ ডিসেম্বর আবারও ১০ জিলহজে পৌঁছাবে। ফলে সেদিন পালিত হবে বছরের দ্বিতীয় ঈদুল আজহা এবং দ্বিতীয় হজের সমাপ্তি। অর্থাৎ, ২০৩৯ সালে হাজিরা দুইবার ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হওয়ার বিরল সুযোগ পাবেন।

ধর্মীয় ক্যালেন্ডার বিশ্লেষণে আরও দেখা যায়, এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে—সম্ভাব্যভাবে ১৯ অক্টোবর—পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সাল মুসলমানদের জন্য রোজা, হজ ও কোরবানির এক অনন্য উৎসবমুখর বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

একই ইংরেজি বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হওয়া ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, যা সাধারণত কয়েক দশক পরপর ঘটে। এই অনন্য ধর্মীয় চক্র ইতোমধ্যেই বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে।

চন্দ্রবর্ষের এই ব্যতিক্রমী প্রভাব কেবল ২০৩৯ সালেই সীমাবদ্ধ নয়। এর আগেই, ২০৩০ সালে মুসলমানরা একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস পালন করবেন—একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে।

এর আগে ১৯৯৭ সালেও বিশ্ব এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছিল। যেহেতু হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল এবং এতে বছরে দিনসংখ্যা হয় ৩৫৪ বা ৩৫৫, তাই সৌরবর্ষের সঙ্গে এই সময়গত বৈষম্যই এমন অসাধারণ ধর্মীয় মুহূর্তের জন্ম দেয়।