বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদী এলাকায় একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং চীনের ক্রমবর্ধমান নৌ-তৎপরতার প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি, পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত ঘাঁটিতে বড় আকারের সামরিক বাহিনী বা ভারী যুদ্ধাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই নৌঘাঁটি একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে পরিচালিত হবে। এখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে এবং আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করবেন। এটি পূর্ণাঙ্গ কোনো নৌ-কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে না।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, নৌঘাঁটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধজাহাজ রাখা হবে। পাশাপাশি CRN-91 গান ও নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতাও যুক্ত করা হবে, যা নজরদারি ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়াবে। তবে এখনো জেটি নির্মাণের কাজ শুরু হয়নি, যা শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে।
নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করবে, ফলে অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজন কম হবে এবং দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। নৌবাহিনীর সূত্র জানায়, হলদিয়া কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি কৌশলগত অবস্থানে অবস্থিত।
বিশেষজ্ঞদের মতে, উত্তর বঙ্গোপসাগরে এই উদ্যোগের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির (PLA Navy) চলাচল বৃদ্ধি, সামুদ্রিক অনুপ্রবেশের আশঙ্কা এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনা।
বিশেষজ্ঞরা আরও মনে করছেন, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি এবং অঞ্চলের অন্যতম প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা সুদৃঢ় করতে এই ধরনের নৌ মোতায়েন গুরুত্বপূর্ণ। তবে এখনো পর্যন্ত এই ঘাঁটির নাম নির্ধারণ করা হয়নি এবং এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।



