বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন। তার আগে সেনাসমর্থিত বিতর্কিত ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন। ওই সময় তাকে গ্রেফতার করে জেলখানায় অমানবিক নির্যাতন করা হয়।
দেড় দশক পর, বিবিসি বাংলা তারেক রহমানকে ঐ সরকারের বিষয়ে মূল্যায়ন জানতে চায়। তারেক রহমান বলেন, “ভাই আমরা তো সামনে যেতে চাই, পেছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে এগোতে হবে।” তবে তিনি স্বীকার করেন, অতীত থেকে শিক্ষা নিয়ে এগোনো জরুরি।
এক এগারোর সরকারকে তিনি “উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ” সরকার হিসেবে উল্লেখ করেন। তার কথায়, “এই সরকার দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ভেঙে দিতে চেয়েছিল, দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল।”
তারেক রহমান বলেন, “রাজনীতিতে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ধীরে ধীরে গণতন্ত্রের ভিত্তি তৈরি হচ্ছিল, কিন্তু তারা তা নষ্ট করতে চেয়েছিল।”
বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি সংস্কার, ভারত সম্পর্ক ও রাজনীতির নানা বিষয়ে কথা বলেছেন। এটি তার প্রায় দুই দশক পর প্রথম গণমাধ্যম সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুই পর্বে সাক্ষাৎকার দিয়েছেন, যার দ্বিতীয় পর্ব আজ (৭ অক্টোবর) প্রকাশিত হয়েছে।



