মাঠের পারফরম্যান্সে ব্যর্থতা, আর মাঠের বাইরে একের পর এক বিতর্ক—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর দল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর সমালোচনাও তীব্র হয়েছে।
তবে এসব সমালোচনায় বিচলিত নন পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বরং সমালোচকদের পালটা জবাব দেওয়ার পাশাপাশি সাবেক ক্রিকেটারদের একটি অংশকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান। অবশ্য টেস্ট ক্রিকেটে দলটির দুর্দশা বেশ কিছুদিন ধরেই চলছে। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ ও বোলিং কোচকে সরিয়ে দিয়েছে পিসিবি।
এরপর সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের পরিবর্তে দলে নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হলেও তারা এখনো ভিসার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই নির্বাচক মিসবাহ-উল-হকও পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক অবস্থা নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা চলছে। সিরিজের মাঝপথে পিসিবির একের পর এক সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজাসহ অনেকে।
তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ নাকভি। পাকিস্তানের জিও নিউজকে তিনি বলেন, ‘আমি কখনও সমালোচনাকে ভয় পাইনি, কখনও পাবও না। যারা নিজেরা কিছুই অর্জন করেননি, তাদের সমালোচনা কোনো গুরুত্ব বহন করে না।’
পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের উদ্দেশ্যেও প্রশ্ন তোলেন পিসিবি সভাপতি। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট নিয়ে যারা দুর্ভাবনার কথা বলছে, তাদের আসলে ক্রিকেট নিয়ে ভাবনা নেই। তাদের সমস্যা আমাকে নিয়ে।’
ওয়ানডে-টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের উদাহরণ
নিজের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে উন্নতি হয়েছে দাবি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের উদাহরণ তুলে ধরেন নাকভি।
তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে যা ঘটেছে, তা অবশ্যই ঠিক। আমরা এই দুটি ম্যাচ হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা উন্নতি করব, ঠিক যেমনটা আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করেছি।’
নাকভির ভাষায়, ‘যারা বলে আমি আসার পর থেকে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তাদের তো সেটাও দেখা উচিত, আগে র্যাঙ্কিং কোথায় ছিল। আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে অষ্টম ছিলাম এবং এখন আমরা পঞ্চম, টি-টোয়েন্টিতে আমরা নবম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছি।’
ইংল্যান্ডে দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়েছেন পিসিবি সভাপতি। একই সঙ্গে সিরিজের মাঝপথে দলে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।
নাকভি বলেন, ‘আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, দক্ষিণ আফ্রিকা তো নামিবিয়ার কাছে হেরেছে (চলতি ত্রিদেশীয় সিরিজে), আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত (গত জুনে), তাতে কি সেখানেই ক্রিকেট শেষ হয়ে গেছে?’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো আমাদের এখানে যাকে প্রয়োজন, তাকে আমরা অবশ্যই দলে নেব।’



