tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএকাধিক পাসপোর্টে বিদেশ ভ্রমণ, কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

একাধিক পাসপোর্টে বিদেশ ভ্রমণ, কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এর আগে অর্থ পাচারের অভিযোগের পর তাকে গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী থাকা অবস্থায় মো. আইয়ুব ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া ভ্রমণ করেছেন। এসব ভ্রমণে তিনি একাধিক পাসপোর্ট ব্যবহার করেছেন।

তিন পাসপোর্টে ২৫ বার বিদেশ ভ্রমণ

জানা গেছে, আলোচ্য সময়ে মো. আইয়ুব তিনটি পাসপোর্ট ব্যবহার করে ছয়টি দেশে মোট ২৫ বার ভ্রমণ করেছেন। পাসপোর্টগুলো হলো—বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪।

এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করা হয়েছিল। তবে সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক ধরনের পাসপোর্ট ব্যবহারের বিধান রয়েছে।

তথ্য অনুযায়ী, তিনি ভারত ভ্রমণ করেছেন ১২ বার, থাইল্যান্ডে সাতবার, সংযুক্ত আরব আমিরাতে দুইবার, চীনে দুইবার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে গেছেন।

অর্থ পাচারের অভিযোগেও বিভাগীয় ব্যবস্থা

একাধিক পাসপোর্ট ব্যবহার এবং অনুমোদন ছাড়া বিদেশ ভ্রমণের পাশাপাশি তার বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও উঠেছে। এসব অভিযোগের পর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৭ আগস্ট তাকে আইআরডিতে ওএসডি করা হয়েছিল।