tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলএকই ম্যাচে মেসি-রোনালদো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে জল্পনা

একই ম্যাচে মেসি-রোনালদো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে জল্পনা

সর্বকালের সেরা ফুটবলার কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দুই মহাতারকার ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে এই বিতর্ক কখনো থামেনি। দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বীকে এবার একই দলে খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

মেসি ও রোনালদো এ পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছেন ৩৭টি ম্যাচে। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। এবার সবকিছু ঠিক থাকলে একই ম্যাচে দেখা যেতে পারে ফুটবলের এই দুই কিংবদন্তিকে।

টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ তার বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। ম্যাচটি লা বোম্বোনেরায় আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অতীতে তেভেজের সতীর্থ থাকা রিকেলমে ম্যাচটিতে অংশ নিতেও সম্মতি জানিয়েছেন।

তবে তেভেজের ইচ্ছা আরও বড়। নিজের বিদায়ী ম্যাচে একই সঙ্গে মেসি ও রোনালদোকে খেলাতে চান তিনি। দুই তারকার সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে বলে তাদের রাজি করানোর ব্যাপারেও আশাবাদী তেভেজ।

এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।”

মেসি-রোনালদোর পাশাপাশি আরও কয়েকজন সাবেক তারকা ফুটবলারকে এ ম্যাচে দেখা যেতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছেন জিয়ানলুইজি বুফোঁ, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চিয়েলিনি ও এডউইন ফান ডার সার।

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তেভেজ। দীর্ঘ পাঁচ বছর পর নিজের বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রিকেলমের সবুজ সংকেত পাওয়ার পর ম্যাচের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে। বোকা জুনিয়র্সের সূচিতে খেলা না থাকা সময় বিবেচনা করে ম্যাচের দিন নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, প্রায় ৬০ জন সাবেক ও বর্তমান ফুটবলারকে নিয়ে আয়োজন করা হতে পারে এই বিশেষ ম্যাচ। শেষ পর্যন্ত মেসি ও রোনালদোকে একই মাঠে, একই ম্যাচে দেখা যায় কি না—এখন সেই অপেক্ষাতেই ফুটবলপ্রেমীরা।