রাজধানীর উত্তরা পূর্ব থানার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, তিনি উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। সকালে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বের হলে জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়।
নাজনীন আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিয়ালা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা। তারা উত্তরায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



