যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে ট্যাক্সি করার সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে উড্ডয়নের প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় একটি উড়োজাহাজের ডানা অন্যটির ডানায় আঘাত করে। এ ঘটনায় তদন্তের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজ দুটির ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। উভয় উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষের পর বিমান দুটিকে নিজ নিজ গেটে ফিরিয়ে নেওয়া হয়। কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত উড়োজাহাজ দুটি চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।
এফএএর তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ ট্যাক্সি করার সময় ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত করে। ফ্লাইট ৬৩৮-এর গন্তব্য ছিল ডালাস-ফোর্ট ওর্থ এবং ফ্লাইট ২১৫২ যাচ্ছিল শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি অডিও রেকর্ডিংয়ে দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষের বিষয়টি নিয়ে আলোচনা করতে শোনা যায়। এ সময় নিয়ন্ত্রণকক্ষ থেকে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। পরে উড়োজাহাজ দুটিকে নিজ নিজ গেটে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির কাছাকাছি অবস্থিত রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরটি ওই অঞ্চলের দুটি বিমানবন্দরের মধ্যে তুলনামূলক ছোট। এখান থেকে মূলত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালিত হয়। হোয়াইট হাউস ও পেন্টাগনের কাছাকাছি অবস্থানের কারণে বিমানবন্দরটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।
এদিকে, গত বছর রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া প্রাণঘাতী বিমান দুর্ঘটনার পর এর আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, এসব পরীক্ষামূলক ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।



