পবিত্র ঈদুল আজহার দিনে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরেছে পাঁচটি প্রাণ। জেলার সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল ইসলাম জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় ৮ বছর বয়সী এক শিশু। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।



