দেশের মানুষ এবার রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “দেশের মানুষ আন্তরিকতা ও স্বস্তির পরিবেশে ঈদ উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে আর রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হচ্ছে না।”
তিনি আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও সরকার আন্তরিক বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিত করতে সরকার কার্যকর সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, “জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।”



