tanaka
প্রচ্ছদজাতীয়ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক রহমানের ভোটার হওয়ার নথি

ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক রহমানের ভোটার হওয়ার নথি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গুলশান এলাকার ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে তপশিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। এ কারণে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আখতার আহমেদ আরও বলেন, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রয়েছে। সেই আইনি ক্ষমতার আলোকে তারেক রহমান ও জাইমা রহমানের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও স্বাক্ষর—গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। কমিশনের অনুমোদন পেলে তাদের ভোটার তালিকাভুক্তির বিষয়টি চূড়ান্ত হবে।

এদিকে একই দিন এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি—গ্রহণের পর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিচতলায় অবস্থিত নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তথ্য সংগ্রহের পর সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় ডেটাবেজে এনআইডি নম্বর জেনারেট হতে কিছুটা সময় লাগে। কমিশনের অনুমোদন মিললে নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই এনআইডি প্রস্তুত হয়ে যাবে।