tanaka
প্রচ্ছদজাতীয়ইসরায়েলের ‘ই-১’ বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

ইসরায়েলের ‘ই-১’ বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

দখলকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী। একই সঙ্গে এটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতা এবং কার্যকর দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্রত্বকে ক্ষুণ্ন করে এমন যেকোনো পদক্ষেপ প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে এবং তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রত্বের বৈধ আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।