tanaka
প্রচ্ছদজাতীয়ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে ভারতের পক্ষ থেকেও কয়েক দফায় বলা হয়েছে, তাদের কাছে এ বিষয়ে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

বৃহস্পতিবার হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’

বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ। এ অবস্থায় বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন। তবে এবারের ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা থাকছে না।