tanaka
প্রচ্ছদঅন্যান্যইলিয়াস আলী গুম প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন মামুন খালেদ

ইলিয়াস আলী গুম প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন মামুন খালেদ

নতুন করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। তিনি দাবি করেছেন, আইএবি থেকে তিনি প্রথমে জানতে পারেন যে র‌্যাবের মাধ্যমে এম ইলিয়াস আলীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিষয়টি মৌখিকভাবে এবং ‘টকিং পয়েন্ট’ আকারে তাকে জানানো হয়, যা তিনি নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি বলেও তিনি উল্লেখ করেন।

মামুন খালেদের ভাষ্যমতে, ওই টকিং পয়েন্টে ইলিয়াস আলীর গ্রেপ্তারকারী সংস্থার পরিচয় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড—বিশেষ করে টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চের পরিকল্পনা ও জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ ছিল। তিনি আরও বলেন, পরবর্তীতে র‌্যাবের সংশ্লিষ্টতা সম্পর্কে জানা যায় এবং অধস্তন কর্মকর্তাদের কাছ থেকেই এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল।

১৩ এপ্রিল গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে গ্রেপ্তার দেখানো এবং দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি ওয়ান-ইলেভেনকালীন ঘটনাপ্রবাহ, রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার ও নির্যাতনের নেপথ্য কাঠামো নিয়েও তথ্য দেন বলে জানা গেছে।

তিনি জানান, ডিজিএফআই সদর দপ্তরে ন্যাশনাল মনিটরিং সেল (এনএমসি) নামে একটি সমন্বিত ব্যবস্থা ছিল, যেখানে এনএসআই, ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের আলাদা রুম থেকে নজরদারি কার্যক্রম পরিচালিত হতো। পরে এটি এনটিএমসি হিসেবে গড়ে ওঠে।

জিজ্ঞাসাবাদে তিনি আরও দাবি করেন, ২০০৭ সালে তারেক রহমানের গ্রেপ্তার একটি টাস্কফোর্সের মাধ্যমে পরিচালিত হয়েছিল এবং সে সময় বিভিন্ন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ কার্যক্রমে যুক্ত ছিলেন।

এছাড়া তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকেও দুইবার জেআইসিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যা রেজিস্ট্রারেও নথিভুক্ত রয়েছে।

মামুন খালেদ আরও দাবি করেন, শেখ ফজলে নূর তাপসের ওপর হামলা সংক্রান্ত মামলায় অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে তদন্তে সিটিআইবি সহায়তা করেছিল এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।