ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা ঠেকাতে এবার আকাশপথে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে টহল হেলিকপ্টারের মাধ্যমে নদীতে জেলেদের গতিবিধি নজরে রাখা হচ্ছে।
পদ্মা ও মেঘনার মোহনায় হেলিকপ্টারের ককপিট থেকে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট ব্যবহার করে ট্রলার শনাক্ত করছেন বিমান বাহিনীর সদস্যরা। তাদের মূল লক্ষ্য—প্রজননকালীন মা ইলিশ রক্ষা।
এই অভিযানে ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লৌহজং, শিবচর, জাজিরা, নড়িয়া এবং ভেদরগঞ্জের নদী উপকূলে নজরদারি করছেন। দেড় ঘণ্টার এক একটি অভিযানে অসংখ্য সন্দেহভাজন ট্রলার চিহ্নিত করে রেডিও সংকেতের মাধ্যমে কোস্ট গার্ডকে অবহিত করছে বিমান বাহিনী, যা পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণে সহায়ক হচ্ছে।
উইং কমান্ডার বায়জিদ মতীন জানান, “আমরা আকাশ থেকে সন্দেহভাজন ট্রলার শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করছি। কোস্ট গার্ড দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”
অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। তিনি বলেন, “গত বছর এ ধরনের অভিযানে ৫২.৫ শতাংশ সফলতা এসেছিল। এ বছর বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে সাফল্যের হার আরও বাড়বে বলে আশা করছি।”
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।



