tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, জানাল নিসচা

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, জানাল নিসচা

  1. সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দাবি করা হচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা আর নেই। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

    নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন সুস্থ আছেন। তার মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটির কোনো সত্যতা নেই।

    লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’

    এর আগেও বিভিন্ন সময়ে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। প্রতিবারই তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

    বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন

    ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি বাংলাদেশে ফিরেছিলেন।

    পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য দেশে ফিরেছিলেন এই বরেণ্য অভিনেতা। দেশে অবস্থানকালে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন সহকর্মীও তার সঙ্গে দেখা করেন।

    ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করা তার সহকর্মীদের মধ্যে ছিলেন আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ আরও অনেকে।

    এদিকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও নিসচার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইলিয়াস কাঞ্চন জীবিত ও ভালো আছেন।