পেন্টাগনের এক বিবৃতিতে জানা গেছে, ইরান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এছাড়া অন্তত ৩৬৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন বিভিন্ন সামরিক শাখার সদস্য: ২৪৭ জন মার্কিন আমির সেনা, ৬৩ জন নৌবাহিনী নাবিক, ১৯ জন মেরিন কর্পস সদস্য এবং ৩৬ জন বিমানবাহিনী সেনা। তবে একই দিনে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের সংখ্যা এতে অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়।
ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ক্রু উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স একটি ঝুঁকিপূর্ণ অনুসন্ধান অভিযান চালাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানাচ্ছে, এফ-১৫ যুদ্ধবিমানের একজন পাইলট ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ।
সিবিএস নিউজ জানিয়েছে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের গভীর এলাকায় অভিযান চলছে। উদ্ধারকালে আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে পরে উদ্ধার হয়েছেন।
অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্রের আঘাতে কয়েকজন ক্রু আহত হলেও হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫-এর দ্বিতীয় পাইলটের উদ্ধারের চেষ্টা এখনও চলমান।



