পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন, নদী-নালা সংস্কার, স্থানীয় উন্নয়ন, কৃষিভিত্তিক কার্যক্রম, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার বিশেষ নজর ছিল। তিনি বলেন, আজ প্রেসিডেন্ট জিয়া আমাদের মাঝে নেই, তবে তার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। বেগম খালেদা জিয়াও সেসব কাজ এগিয়ে নিতে চেষ্টা করেছেন, কিন্তু তারও কিছু কাজ অপূর্ণ রয়েছে। এসব অসমাপ্ত কাজ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পন্ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাসে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের আয়োজনে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা আমাদের নতুন অঙ্গীকার। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনো আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এ লক্ষ্যে সামনে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে সরকার আগের তুলনায় বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এটি জেলেদের প্রতি সরকারের সহমর্মিতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এবং নিয়মিতভাবে জনগণের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছেন।
এদিকে, সন্ধ্যার আগে ঢাকায় ফেরার পথে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করান। এ সময় কেন্দ্রটির অবকাঠামোগত দুরবস্থা ও জনবল সংকটের বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ‘মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি সংকটে জর্জরিত’ শিরোনামে শুক্রবার (৩ এপ্রিল) একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।



