ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত ১১টি দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মঙ্গলবার জারি করা এসব সতর্কবার্তায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস।
এক সতর্কবার্তায় ইউএস ভার্চুয়াল দূতাবাস তেহরান জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি ঘটতে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের কোনো কারণেই ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তেহরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাসের পাশাপাশি বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলোও পৃথকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।



