ইরানে ফের তুমুল হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে আইআরজিসির লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী।
এদিকে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর আব্বাস, কেশম, কোনারক ও চাহাবার এলাকায় কয়েক দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে এসব হামলায় এখন পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যেই নতুন করে মার্কিন হামলার ঘটনা দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
মার্কিন হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ এবং আইআরজিসি যুক্তরাষ্ট্রকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে



