ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) ওমান উপসাগরে পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ জাহাজটির ওপর মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ওমান উপসাগর দিয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ অমান্য করার চেষ্টা করছিল। জাহাজটির ক্রুদের বারবার সতর্ক করা হলেও তারা মার্কিন বাহিনীর নির্দেশনা উপেক্ষা করেন। পরে জাহাজটির ইঞ্জিন কক্ষে হামলা চালিয়ে সেটির চলাচল অচল করে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে থাকা ১৭ জন ক্রু সবাই নিরাপদে আছেন।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা কিছুটা কমলেও বাণিজ্যিক জাহাজে এই হামলা মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর ঘিরে সামরিক তৎপরতা বাড়ায় আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এর আগে আরও বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন বা চলাচল বন্ধ করা হয়েছে। ‘ভেলা নোভা’-র ওপর হামলাটি অবরোধ কার্যকরের ধারাবাহিকতায় সাম্প্রতিকতম মার্কিন সামরিক পদক্ষেপগুলোর একটি।



