যুক্তরাষ্ট্র কার্যত ইরানের ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তিনি তাড়াহুড়ো করতে চান না।
বুধবার (২০ মে) ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে—ইরানের সঙ্গে চুক্তি করতে সময় বেশি লাগছে কি না—ট্রাম্প বিষয়টি উড়িয়ে দেন। এ সময় তিনি আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধসহ বিভিন্ন সামরিক সংঘাতের দীর্ঘস্থায়িত্বের উদাহরণ টানেন।
তিনি বলেন, “আমি মাত্র তিন মাস ধরে দায়িত্বে আছি। এর বড় অংশই যুদ্ধবিরতির মধ্যে কেটেছে। আমরা তাড়াহুড়া করছি না, আমরা (ইরানকে) একটি সুযোগ দেব।”
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র “কার্যত ইরানের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে”। এর আগে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা খুব দ্রুতই শেষ হবে।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এমন কোনো চুক্তি করবে না যা তাদের জাতীয় স্বার্থের বাইরে যায়। তবে যুক্তরাষ্ট্র আশা করছে, নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা ইরানকে আলোচনায় আনতে সক্ষম হবে। এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।



