ইরানকে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিতে হবে, অন্যথায় দেশটির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুমকি দেন। খবর সিবিএস নিউজের।
ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। সেটি যেকোনোভাবেই হোক না কেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষায়, ‘ইরানের ব্যাপারে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত হবে; একভাবে হোক বা অন্যভাবে। হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তারা সেটা জানে।’
শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করার সময় ইরানকে নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। এর আগে একাধিকবার নোবেল শান্তি পুরস্কার তাঁকে না দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
এবার নোবেল কমিটিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভানেথেম পিল্লাইকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে কমিটি ভুল করেছে। পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘এটি নরওয়ে এবং এমন লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের জন্য এক অমোচনীয় কলঙ্ক।’
নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা নিয়েও প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্রবিরোধী এবং প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু এমন কয়েকজন উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা চিরতরে ক্ষুণ্ন হয়েছে।’
সূত্র: সিবিএস নিউজ



