tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদরাজধানীইউনূস-নুরজাহানের বিচার দাবিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

রাজধানীর মহাখালীতে হামে শিশুমৃত্যুর প্রতিবাদ এবং এ রোগে মৃত্যুরোধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচারের দাবিতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) এবং মো. জুয়েল মিয়া (৪১)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী এর সঙ্গে জড়িত থাকতে পারেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা জানান, ‘প্রগতিশীল নাগরিক সমাজ’ ব্যানারে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের হাতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। তারা হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন।

পুলিশের দাবি, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। এছাড়া তাদের বহন করা ব্যানার ও ফেস্টুনে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি ছিল। কর্মসূচি শেষে স্থান ত্যাগের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, কর্মসূচি সম্পর্কে আগে থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। ব্যানারগুলোতে হামের টিকা ও শিশুমৃত্যু বিষয়ে বিভিন্ন বক্তব্য উল্লেখ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।