আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখামাত্রই আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ক্ষেত্রে মামলা আছে কি না—তা বিবেচ্য নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় এক সমর্থক অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে; পুলিশকে তথ্য দিলেও মামলা না থাকার অজুহাতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা থাকুক বা না থাকুক, তাদের দেখামাত্রই আইনের আওতায় আনতে হবে। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সতর্ক করে বলেন, এ বিষয়ে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা শঙ্কায় নারায়ণগঞ্জে একজন প্রার্থীর নির্বাচন না করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের মন্তব্য করার সুযোগ নেই। তিনি আরও বলেন, যিনি নিরাপত্তার কথা উল্লেখ করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি নিজেই তার নিরাপত্তাহীনতার ধরন ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। তবে সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এমন পরিবেশে নিরাপত্তাহীনতার কথা বলা ব্যক্তিগত অনুভূতির বিষয় হতে পারে; কিন্তু সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগের কারণ নেই।
তিনি জানান, ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, তিনি একজন জুলাই যোদ্ধা এবং দেশের জন্য তার অবদান রয়েছে।
নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা নেই; তিনি গণমাধ্যমের কাছ থেকেই এ তথ্য শুনেছেন।
অনুষ্ঠানে বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে পুলিশ ভ্যান প্রদানকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন তাদের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে। জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ী সংগঠনগুলোর এমন সহযোগিতা পুলিশের কাজ সহজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিকেএমইএর সভাপতি মো. হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি ও শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশ-৪-এর প্রধান (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যান্যরা।



