দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা উপেক্ষা করে অবশেষে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিসর, কাতার, তুরস্ক ও ওমানের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার ফলেই এই বৈঠকের পথ সুগম হয়েছে।
ইস্তাম্বুলের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব, মিসর ও তুরস্কসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পরমাণু কর্মসূচি, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার অন্যতম প্রধান ইস্যু।
বিশ্লেষকদের মতে, এই আলোচনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের একটি কার্যকর রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



