পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির নৌবাহিনী আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আরব সাগরের উত্তরাংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের একটি জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
সংকেত পাওয়ার পরপরই পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজটিতে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ করে। একই সঙ্গে তারা নাবিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের করাচিতে নেওয়া হয়েছে।
আইএসপিআর আরও জানায়, সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষায় গত মার্চ মাস থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে পাকিস্তান। নিজেদের সামুদ্রিক সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো দেশের মানুষের জীবন রক্ষায় মানবিক তৎপরতায় পাকিস্তান নৌবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।



