মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের সমাপ্তি হতে পারে।’
রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, ‘আমার বিশ্বাস, এই সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এমনকি এর চেয়েও দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে এবং তেলের দাম কমে আসতে পারে।
এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের তেল আবিবসহ অন্তত তিনটি শহর কেঁপে উঠেছে। সংঘাতের ১৬তম দিনে রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে ইরান।
আল-জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় মধ্য ইসরায়েলে দুইজন আহত হয়েছেন। এছাড়া দখলকৃত পশ্চিম তীরেও আরও তিনজন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দেশটির উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ইলাত এবং মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস্টার বোমা বহনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলাতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।



