চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে দেশের রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধনের নামে অতিরিক্ত ৫৫ হাজার কোটি টাকা কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও অর্থ বিভাগের নির্দেশনায় মাত্র ৪ হাজার কোটি টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল, এনবিআর নিজ উদ্যোগে তা বাড়িয়ে নতুন লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকায়। সংশ্লিষ্টদের দাবি—এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ।
এনবিআর সূত্র জানায়, গত ১০ নভেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা থেকে সামান্য বাড়িয়ে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। পরদিন অর্থ বিভাগের পাঠানো চিঠিতে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভাগভিত্তিক হিসাব প্রস্তুত করে ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়। তবে ২০ নভেম্বর এনবিআর হঠাৎই বাড়তি ৫১ হাজার কোটি টাকা যোগ করে নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা—যেখানে আয়কর ও ভ্যাট খাতকে আদায় করতে হবে ৩৭ শতাংশ করে এবং কাস্টমসকে ২৬ শতাংশ।
নতুন লক্ষ্যমাত্রা বিষয়ে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক মো. আবদুল হাকিম বলেন, সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকাই নির্ধারণ করা হয়েছে। তবে অর্থবিভাগের ৪ হাজার কোটি টাকার নির্দেশনার বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।
সূত্র বলছে, ঘাটতির মধ্যেও এতো বড় অঙ্কের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম। চলতি অর্থবছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যেখানে আদায় হয়েছে মাত্র ১ লাখ ১৯ হাজার কোটি টাকা। ১৭ হাজার ২১৯ কোটি টাকার এই ঘাটতি কাটানোর মতো কোনোরূপ কাঠামোগত উদ্যোগ ছাড়াই লক্ষ্যমাত্রা বাড়ানো সমালোচিত হচ্ছে।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রশ্ন তোলেন—অর্থ বিভাগের নির্দেশনা অমান্য করে এনবিআর কীভাবে অতিরিক্ত ৫১ হাজার কোটি টাকা বাড়াল? তার মতে, রাজস্ব নীতিতে কোনো পরিবর্তন না থাকলেও হঠাৎ এভাবে লক্ষ্যমাত্রা বাড়ানোর যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, “আইএমএফের চাপ থাকলে তা স্পষ্টভাবে আলোচনায় আনা উচিত ছিল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের সিদ্ধান্ত ব্যাখ্যা করা কঠিন।”
সূত্র আরও জানায়, নতুন লক্ষ্যমাত্রায় কাস্টমস খাতে আদায়ের লক্ষ্য ১ লাখ ২৯ হাজার ৭৪০ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪০ কোটি টাকা—অর্থাৎ ১৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ের লক্ষ্য ১ লাখ ৮৪ হাজার ৬৩০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৯৮০ কোটি টাকা করা হয়েছে, যা ২০ হাজার ৩৫০ কোটি টাকা বেশি। একই পরিমাণ (২০ হাজার ৩৫০ কোটি) বাড়ানো হয়েছে আয়কর খাতেও। সব মিলিয়ে নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা।



