tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবাব আল-মান্দেবের কাছে কাহবুব পাহাড়ে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষ

বাব আল-মান্দেবের কাছে কাহবুব পাহাড়ে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষ

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী এ এলাকায় একাধিক ফ্রন্টে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানান, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহযোগিতায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে।

সরকারি বাহিনীর ভাষ্য, কাহবুব এলাকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল হুথিরা। তবে তাদের সেই উদ্যোগ প্রতিহত করা হয়েছে। সংঘর্ষ ও অভিযানে হুথিদের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সংগঠনটির দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

এ ছাড়া লড়াইয়ের সময় হুথিদের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথাও জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের নিকটবর্তী হওয়ায় এলাকাটি সামরিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।