বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় রয়েছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
এ ছাড়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার কাছাকাছি আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানায়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।



