তাইওয়ান ইস্যু ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় জাপানে যাওয়ার প্রায় পাঁচ লাখ ফ্লাইট বাতিল করেছে চীন। ভিসা প্রক্রিয়া স্থগিত ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বন্ধ থাকার মধ্যেই এ সিদ্ধান্ত আসে। তাইওয়ান প্রশ্নে জাপানের অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক বিরোধ তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
৭ নভেম্বর পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়, তবে জাপান সেখানে সামরিকভাবে জড়িত হতে পারে। তার বক্তব্যের পর দু’দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ে। জাপানবিরোধী প্রতিক্রিয়ায় চীনা সরকার ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জাপানে না যেতে সতর্ক করে। অন্তত সাতটি চীনা এয়ারলাইন ঘোষণা করেছে যে জাপানগামী ফ্লাইটের বুকিং বিনা খরচে বাতিল করা যাবে। এর মধ্যে তিনটি রাষ্ট্রীয় সংস্থা। বিমান–ভ্রমণ বিশ্লেষক হানমিং লি জানান, যাত্রাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে—১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে জাপানমুখী প্রায় পাঁচ লাখ ফ্লাইট বাতিল হয়েছে।
চীনা গণমাধ্যম জিমু নিউজ জানায়, সিচুয়ান এয়ারলাইন্স জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চেংদু–সাপ্পোরো রুটের সব ফ্লাইট বাতিল করেছে। বাজেট ক্যারিয়ার স্প্রিং এয়ারলাইন্সও একাধিক রুট স্থগিত করেছে। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস; গত বছর প্রায় ১ লাখ ২০ হাজার চীনা শিক্ষার্থী জাপানে পড়াশোনা করেছে। ব্যাপক ফ্লাইট বাতিলের কারণে সোমবার জাপানের খুচরা ও ভ্রমণ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যায়। হানমিং লি বলেন, কোভিড মহামারির শুরুর সময়ের পর এই প্রথম এমন বড় আকারের ফ্লাইট বাতিল দেখা গেলেও এর প্রভাব চীনের অভ্যন্তরীণ বিমান শিল্পে খুব বেশি পড়বে না।
তার মতে, চীন–জাপান রুট দেশীয় ও আন্তর্জাতিক মোট বাজারের তুলনায় খুব ছোট হওয়ায় এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতিও তুলনামূলক সীমিত থাকবে। এ সিদ্ধান্তকে তিনি একগুচ্ছ অর্থনৈতিক পালটা ব্যবস্থার অংশ হিসেবে দেখছেন।
এদিকে, উত্তেজনার প্রেক্ষাপটে জাপান চীন সফররত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা বলেন, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েন দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে এবং চীনা গণমাধ্যমে বিষয়টি প্রতিফলিত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।



