ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২০ লাখ বাংলাদেশি টাকা জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মহাখোলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীন ১৬১ ব্যাটালিয়নের জওয়ানরা এই অভিযান পরিচালনা করে।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) তারা সুনির্দিষ্ট তথ্য পায় যে, চোরাকারবারীরা চেকপোস্ট এড়িয়ে কলা বাগানের মধ্য দিয়ে বিকল্প পথে অর্থ পাচারের চেষ্টা করছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগসহ বাগানের দিকে যেতে দেখা যায়। বিএসএফ সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়। জব্দকৃত অর্থ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



